ফ্যামিলি কার্ড প্রকল্পে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতিগুলো দ্রুত চিহ্নিত করে সংশোধনের মাধ্যমে এর বাস্তবায়ন আরও গতিশীল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার ফ্যামিলি কার্ড বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রকল্পটি বর্তমান সরকারের একটি অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগ। এ কারণে এর কার্যকর বাস্তবায়নে আগামী বাজেটে প্রয়োজনীয় সব অর্থ বরাদ্দ দেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, বৃহৎ পরিসরের এ ধরনের প্রকল্পে প্রাথমিক পর্যায়ে কিছু ছোটখাটো ভুল থাকা স্বাভাবিক। তবে এসব ত্রুটির পরিমাণ এক শতাংশেরও কম বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, পাইলট কার্যক্রমের আওতায় ইতোমধ্যে ৩৭ হাজারের বেশি কার্ড বিতরণ করা হয়েছে। এ সময় কেউ বাদ পড়েছে কিনা বা অনাকাঙ্ক্ষিতভাবে কেউ অন্তর্ভুক্ত হয়েছে কিনা—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইতোমধ্যে চিহ্নিত সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে প্রকল্পটি আরও নির্ভুলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সমন্বয় করা হবে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পটি শুধু সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়, এটি একটি মানবিক উদ্যোগ। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এবং গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
বাজেট সংক্রান্ত বিষয়ে অর্থমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে অর্থ কোনো বাধা হবে না। প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত বাজেট বরাদ্দ দেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সংশোধন ও সমন্বয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।
আরও পড়ুন:








