রবিবার

২৬ এপ্রিল, ২০২৬ ১৩ বৈশাখ, ১৪৩৩

সাগর-রুনি হত্যা: তদন্ত শেষ পর্যায়ে, আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ১৩:৩৪

শেয়ার

সাগর-রুনি হত্যা: তদন্ত শেষ পর্যায়ে, আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট
ছবি সংগৃহীত

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রোববার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে তিনি এ তথ্য জানান। পরে আদালত তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে, তবে চূড়ান্ত প্রতিবেদন দাখিলে আরও কিছু সময় প্রয়োজন।

এর আগে ২০২৫ সালের ২৩ অক্টোবর হাইকোর্ট এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উচ্চ পর্যায়ের টাস্কফোর্সকে ছয় মাস সময় দিয়েছিল এবং সেটিকে ‘শেষবারের মতো’ সময় বলে উল্লেখ করেছিল। একই বছরের ২২ এপ্রিলও তদন্ত শেষ করতে ছয় মাস সময় দেওয়া হয়।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট সাংবাদিক দম্পতির হত্যা মামলার তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে চার সদস্যের একটি টাস্কফোর্স গঠন করে। এতে পিবিআই প্রধানকে আহ্বায়ক করা হয় এবং পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার নিচে নয় এমন একজন প্রতিনিধি, সিআইডি ও র‌্যাবের একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষ সম্পূরক আবেদনও করেছিল। একই সময়, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর বিশিষ্ট ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে এ মামলার আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নির্মমভাবে খুন হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত এখনো শেষ হয়নি।



banner close
banner close