চলতি অর্থবছরের দশম এবং বর্তমান সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক আজ রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প রয়েছে।
এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে।
এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠকে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প অনুমোদন করা হয়। ওই বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময় স্বল্পতার কারণে আটটি প্রকল্প নিয়ে আলোচনা শেষে সভা স্থগিত করা হয়। পরে ছয়টি প্রকল্প অনুমোদন এবং দুটি প্রকল্প পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়।
আজকের বৈঠকে পূর্ববর্তী স্থগিত ও আলোচিত প্রকল্পগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এবার একনেক বৈঠক দীর্ঘদিনের প্রচলিত স্থান শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের পরিবর্তে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, প্রশাসনিক কার্যক্রমের সুবিধা এবং উচ্চপর্যায়ের সময় ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নিয়েই এ পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন:








