জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় গোয়েন্দা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে এসব স্থাপনায় নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (গোপন) কামরুল আহসানের সই করা এক দাপ্তরিক চিঠিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ সতর্কতা জারি করা হয়। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বিভিন্ন শাখার অন্তত তিনজন কর্মকর্তা শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমকে সতর্কবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সদস্যরা নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং তারা দেশের বিভিন্ন সংবেদনশীল স্থাপনায় সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারে।
সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে জাতীয় সংসদ ভবন, গুরুত্বপূর্ণ পুলিশ ও সামরিক স্থাপনা, বিভিন্ন উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট গোষ্ঠীটি হামলার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করার সম্ভাবনা খতিয়ে দেখছে, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
এ পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো হামলা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিটিটিসি ইউনিট এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে এ সতর্কতা বার্তার অনুলিপি পাঠানো হয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের সতর্কতা নিয়মিত নিরাপত্তামূলক ব্যবস্থার অংশ হলেও তা সম্ভাব্য সন্ত্রাসী হুমকির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানকে প্রতিফলিত করে। নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:








