রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা ওয়াসার আওতায় আনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীনে থাকা প্রকল্পের অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্পটি তিনটি জেলার আওতাভুক্ত থাকায় প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। এর ফলে আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা প্রদানে ঘাটতি দেখা দিচ্ছে। বিশেষ করে পুলিশের কার্যক্রম সমন্বয়ে সমস্যা হওয়ায় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
এছাড়া, প্রকল্প এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত না থাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেন নির্মাণ বা সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং মশক নিয়ন্ত্রণসহ মৌলিক নাগরিক সেবাগুলো সীমিত রয়েছে। ওয়াসার আওতায় না থাকায় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাও যথাযথভাবে গড়ে ওঠেনি।
সরকার মনে করছে, পূর্বাচলকে ডিএনসিসি, ডিএমপি ও ঢাকা ওয়াসার অধীনে আনা হলে এসব সেবার পরিধি বাড়বে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি, প্রকল্প এলাকার রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ও কালীগঞ্জ (গাজীপুর) অংশকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করলে প্রশাসনিক সমন্বয় ও ভূমি ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
এসব বিবেচনায় মন্ত্রিসভা প্রস্তাবগুলোতে নীতিগত অনুমোদন দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:








