বৃহস্পতিবার

২৩ এপ্রিল, ২০২৬ ১০ বৈশাখ, ১৪৩৩

ঢাকায়ও পরীক্ষামূলক লোডশেডিং, জ্বালানি ঘাটতি ও বৈষম্য কমাতে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ১৯:২৯

শেয়ার

ঢাকায়ও পরীক্ষামূলক লোডশেডিং, জ্বালানি ঘাটতি ও বৈষম্য কমাতে উদ্যোগ
ছবি সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলা এবং গ্রাম-শহরের বিদ্যুৎ বণ্টনে বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানান। কৃষি খাতে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং বিদ্যুৎ সরবরাহে ভারসাম্য আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে লোডশেডিং হচ্ছে। পরিস্থিতিকে সহনীয় পর্যায়ে আনতে প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে রাজধানীতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ সুবিধার বৈষম্য কমানো সরকারের একটি অগ্রাধিকার বিষয়। ফসল কাটার মৌসুমে কৃষকদের সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ডিজেল সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকায় প্রায় ১১০ মেগাওয়াট লোডশেডিং চালু করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও নিজস্ব উৎপাদন ও আমদানি মিলিয়ে সরবরাহ করা যাচ্ছে ২ হাজার ৬৩৬ মিলিয়ন ঘনফুট। ফলে দৈনিক প্রায় ১ হাজার ১৬৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে। পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দ্রুত গ্যাস আমদানি বাড়ানো সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, বিদ্যুৎ খাতের বর্তমান সংকট দীর্ঘদিনের সঞ্চিত সমস্যার ফল, যেখানে কাগজে-কলমে উৎপাদন সক্ষমতা বেশি দেখালেও বাস্তব সরবরাহে ঘাটতি রয়েছে। তবে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনার আওতায় গ্যাস খাতের অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



banner close
banner close