বৃহস্পতিবার

২৩ এপ্রিল, ২০২৬ ১০ বৈশাখ, ১৪৩৩

জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব: বাস ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ১৩:৪২

শেয়ার

জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব: বাস ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ল
ছবি সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহণ মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যকার দূরপাল্লার রুটসহ আন্তঃজেলা পর্যায়ে প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানো হবে। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হচ্ছে।

তিনি আরও জানান, এ সিদ্ধান্ত শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া অপরিবর্তিত থাকবে। তবে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও পুনরায় সমন্বয় করা হবে বলে আশ্বাস দেন তিনি। রেল ও নৌ পরিবহণের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া যৌক্তিকভাবে পুনর্নির্ধারণের দাবি জানিয়েছিল পরিবহণ মালিক সমিতি।

বর্তমানে দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই হার আরও বাড়বে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। নতুন দরে ডিজেল লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।



banner close
banner close