বৃহস্পতিবার

২৩ এপ্রিল, ২০২৬ ১০ বৈশাখ, ১৪৩৩

২৭ জেলায় তাপপ্রবাহ, উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ১৩:০১

শেয়ার

২৭ জেলায় তাপপ্রবাহ, উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির আভাস
ছবি সংগৃহীত

দেশের রাজশাহী বিভাগসহ মোট ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। একই সময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমাত্রার বৃষ্টি এবং আগামী কয়েক দিনে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল ৯টার পূর্বাভাসে সংস্থাটির আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং তা চলমান থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগর দু-এক স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার নাগাদ উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিনে দেশের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। তবে বিদ্যমান তাপপ্রবাহ পুরোপুরি প্রশমিত হতে আরও সময় লাগতে পারে।



banner close
banner close