সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে ১৯ এপ্রিল থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়। এরপর থেকেই বিচারপতি আব্দুল মান্নানকে কোনো বেঞ্চে অন্তর্ভুক্ত করা হয়নি। গত পাঁচ দিন ধরে তিনি বিচারিক কার্যক্রম থেকে বাইরে রয়েছেন বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানিয়েছেন।
তিনি আরও জানান, কেন তাকে বেঞ্চ দেওয়া হয়নি সে বিষয়ে প্রধান বিচারপতির পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে ৩ এপ্রিল কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘অ্যাপেক্স বাংলাদেশ’-এর পরিচালনা পর্ষদের নির্বাচনের সময় জনসাধারণের সঙ্গে বাগ্বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশি পাহারায় বিচারপতি আব্দুল মান্নান সভাস্থল ত্যাগ করেন বলে জানা যায়।
বিচারপতি আব্দুল মান্নান ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং পরবর্তীতে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা এবং ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগ দেন।
আরও পড়ুন:








