চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে সেখানে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২২ হাজার ৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। মোট ৬৩টি ফ্লাইটে তারা দেশ ত্যাগ করেন।
পরিবহন সংস্থাগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪টি ফ্লাইটে ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইন্স ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইটে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী পরিবহন করেছে।
বুলেটিনে আরও জানানো হয়, বুধবার মক্কায় একজন হজযাত্রী মারা যান। এ নিয়ে এ বছর সৌদি আরবে হজ পালনে গিয়ে মোট দুইজন বাংলাদেশি মৃত্যুবরণ করলেন।
আরও পড়ুন:








