বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

বৃহস্পতিবার বাসভাড়া বাড়তে পারে, সিদ্ধান্ত শিগগির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ১৭:৫৬

শেয়ার

বৃহস্পতিবার বাসভাড়া বাড়তে পারে, সিদ্ধান্ত শিগগির
ছবি সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের গণপরিবহনের নতুন ভাড়া আগামী বৃহস্পতিবার নির্ধারণ হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার সচিবালয়ে ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুত একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর আশা করা হচ্ছে।

এর আগে রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে মন্ত্রণালয়, বিআরটিএ ও পরিবহন মালিক সমিতির বৈঠক কোনো ঐকমত্য ছাড়াই শেষ হয়। পরিবহন মালিকরা কিলোমিটারপ্রতি ৪০ পয়সা ভাড়া বৃদ্ধির দাবি জানালেও বৈঠকের একাধিক সূত্র জানায়, ২৫ পয়সা বাড়ানোর বিষয়ে অনানুষ্ঠানিক সমঝোতা হলেও তা চূড়ান্ত হয়নি।

বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার প্রভাব ইতোমধ্যে দেশের বাজারেও পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতির কারণে সরবরাহ ও দামে চাপ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সরকার সম্প্রতি ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে, যা গত ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

জ্বালানির দাম বাড়ার পরপরই গণপরিবহন খাতে ভাড়া বৃদ্ধির চাপ তৈরি হয়। পরিবহন মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে দাবি জোরালো হলেও এখনো আনুষ্ঠানিকভাবে নতুন ভাড়া ঘোষণা করা হয়নি। এর মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা যাত্রী ও শ্রমিকদের মধ্যে উত্তেজনার কারণ হচ্ছে।

এমন পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে পরিবহন মালিক সমিতি।



banner close
banner close