মঙ্গলবার

২১ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

পুরোনো রঙে ফিরছে পুলিশ ইউনিফর্ম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৮:৪৮

শেয়ার

পুরোনো রঙে ফিরছে পুলিশ ইউনিফর্ম
ছবি সংগৃহীত

ইউনিফর্মের রঙ নিয়ে বিতর্ক ও মাঠপর্যায়ের অসন্তোষের প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ আবারও পুরোনো ঘরানার রঙে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত নতুন রূপরেখা অনুযায়ী, পুলিশের পোশাকে গাঢ় নীল এবং হালকা অলিভ বা জলপাই রঙের সংমিশ্রণ আনা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখা থেকে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগে শার্টের রঙ লোহার মতো ধূসর এবং প্যান্টের রঙ কফি নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ের সদস্যদের বিরূপ প্রতিক্রিয়া এবং জনমনে নেতিবাচক আলোচনার কারণে পুনরায় রঙ নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়।

নতুন প্রস্তাব অনুযায়ী, দেশের সব মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে হালকা অলিভ বা জলপাই রঙের। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব বাদে পুলিশের অন্যান্য ইউনিটে শার্টের রঙ নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রঙ থাকবে খাকি (টিসি টুইল)।

এ পরিবর্তন কার্যকর করতে প্রয়োজনীয় আইনি বিধিমালা সংশোধনের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউনিফর্ম পরিবর্তনে সরকারের ওপর অতিরিক্ত কোনো আর্থিক চাপ পড়বে না, কারণ নিয়মিত সরবরাহ ব্যবস্থার মধ্যেই নতুন রঙের পোশাক যুক্ত করা সম্ভব।

দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন ইউনিফর্ম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাহিনীর সদস্যদের সন্তুষ্টি বৃদ্ধি এবং পেশাগত গাম্ভীর্য বজায় রাখার লক্ষ্যেই এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



banner close
banner close