সোমবার

২০ এপ্রিল, ২০২৬ ৭ বৈশাখ, ১৪৩৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১৮:১৩

শেয়ার

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবি সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (ইন্টারন্যাশনাল আইডিয়া)-এর একটি প্রতিনিধিদল।

সোমবার দুপুরে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিক্কিলা তামাং। দলে আরও ছিলেন কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড রুল অব ল প্রোগ্রামের প্রধান সুমিত বিসারিয়া।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যকারিতা, ‘জুলাই চার্টার’ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সফররত প্রতিনিধিদল বাংলাদেশের গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে সহযোগিতার আশ্বাস দেয়। এ সময় ডা. শফিকুর রহমান তার বক্তব্যে গণতন্ত্র ও স্থিতিশীল বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকার কথা তুলে ধরেন এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।



banner close
banner close