সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া দ্রুততর করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বৈঠকে দুদেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান, পর্যটন ও জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগী দেশ এবং জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এসব খাতে সহযোগিতা সম্প্রসারণে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সৌদি রাষ্ট্রদূত রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর বিষয়টি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে। প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পাসপোর্ট ইস্যু প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে মন্ত্রী সংশ্লিষ্টদের সতর্ক করেন। তিনি বলেন, যেসব মিয়ানমার নাগরিক বাংলাদেশি ডকুমেন্টস প্রদর্শন করতে সক্ষম এবং নির্ধারিত শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত পাসপোর্ট প্রদানের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করে পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। স্বরাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে আগামী জুলাইয়ের প্রথমার্ধে সম্ভাব্য সফরের কথা জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, উপসচিব বেগম মিনারা নাজমীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








