সোমবার

২০ এপ্রিল, ২০২৬ ৬ বৈশাখ, ১৪৩৩

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিশেষ উদ্যোগ, কারিগরি শিক্ষায় গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ২৩:৪১

শেয়ার

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিশেষ উদ্যোগ, কারিগরি শিক্ষায় গুরুত্ব
ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি ও আগামী দেড় বছরের মধ্যে বেকারত্ব দূরীকরণে সরকারের অঙ্গীকারের কথা জানানো হয়েছে জাতীয় সংসদে। একইসাথে, সমুদ্রাঞ্চলে নতুন গ্যাস ও তেল অনুসন্ধানে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।

রবিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এসব তথ্য জানানো হয়।

অধিবেশনে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানান, বর্তমান সরকার কর্মমুখী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রতিটি উপজেলায় কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে দেড় বছরের মধ্যে দেশে বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

এছাড়া, বিশ্বখ্যাত ‘টাইম ম্যাগাজিন’-এর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রীর নাম আসায় সংসদ তাকে সর্বসম্মতিক্রমে অভিনন্দন জানায়।

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদে জানান, কুইক রেন্টালের মাধ্যমে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক কাজ শুরু করেছে। পাশাপাশি সমুদ্রাঞ্চলে গ্যাস ও তেল অনুসন্ধানের লক্ষ্যে ‘বাংলাদেশ অফশোর মডেল পিএসসি ২০২৬’ চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ঘোষণা করেন, সাংবাদিকদের কল্যাণে খুব শিগগিরই দশম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে। অধিবেশনে সংসদের সাউন্ড সিস্টেমের ত্রুটি নিয়ে দুদকের তদন্তের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।



banner close
banner close