সোমবার

২০ এপ্রিল, ২০২৬ ৬ বৈশাখ, ১৪৩৩

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ২২:৪৫

শেয়ার

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, দীর্ঘদিনের দাবির পর অবশেষে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হচ্ছে, যা জেলাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে সোমবার বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১১টায় পৌর ভবনে নবগঠিত এই সিটি করপোরেশনের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, তিনি সোমবার সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন এবং সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে তিনি জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন, ই-বেইলবন্ড কার্যক্রম চালু এবং বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া দুপুরে গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে।

পরে বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন তিনি। বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেওয়ারও কথা রয়েছে।

এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, দীর্ঘদিনের দাবির পর অবশেষে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হচ্ছে, যা জেলাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অন্যদিকে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, আয়তন ও জনসংখ্যার বিচারে বগুড়া পৌরসভা দীর্ঘদিন ধরেই সিটি করপোরেশন হওয়ার উপযুক্ত ছিল। এ ঘোষণার মাধ্যমে এলাকার পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি বগুড়ায় তারেক রহমানের প্রথম সফর।



banner close
banner close