পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প-এর প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে এই অনুমোদন দেওয়ায় প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদনের দিকে আরেক ধাপ এগিয়ে গেল। চলতি এপ্রিলের শেষ দিকে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং উদ্বোধন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএইআরএ’র নিউক্লিয়ার রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার শাখার প্রকল্প পরিচালক ড. মাহবুবুর রহমান। তিনি জানান, কমিশনিং লাইসেন্স ইতোমধ্যে প্রদান করা হয়েছে এবং এখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি লোডিং উদ্বোধনের তারিখ নির্ধারিত হবে।
বিএইআরএ’র চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, এর আগে ৭ এপ্রিল উদ্বোধনের পরিকল্পনা থাকলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু সামনে আসায় সময় নেওয়া হয়। তিনি জানান, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সব বিষয় পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট সবাই একমত হওয়ায় লাইসেন্স প্রদান করা হয়েছে।
এদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অনাপত্তিপত্রও পাওয়া গেছে। নিরাপত্তা, সুরক্ষা ও সেফগার্ড নিশ্চিত করেই ফিজিক্যাল স্টার্টআপ তথা জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে রূপপুরের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
আরও পড়ুন:








