বৃহস্পতিবার

১৬ এপ্রিল, ২০২৬ ৩ বৈশাখ, ১৪৩৩

বিসিএস নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত, প্রতিবেদন পেলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ১২:২৮

শেয়ার

বিসিএস নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত, প্রতিবেদন পেলে ব্যবস্থা
ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগে অনুসন্ধান ও তদন্ত চলছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার।

লিখিত প্রশ্নে শামছুর রহমান শিমুল বিশ্বাস গত ১৬ বছরে প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে বিসিএস ক্যাডারদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থার পরিসংখ্যান জানতে চান। পাশাপাশি বিসিএস নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগে সরকারের পদক্ষেপ সম্পর্কেও জানতে চান তিনি।

জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের সময় বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

তিনি আরও জানান, বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close