বৃহস্পতিবার

১৬ এপ্রিল, ২০২৬ ৩ বৈশাখ, ১৪৩৩

আজ স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ০৯:৪৪

শেয়ার

আজ স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার ২০২৬ আজ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের হাতে এই সম্মাননা তুলে দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৬ এপ্রিল বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করা হবে।

এ বছর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত খালেদা জিয়া-কে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, সংগীত, ক্রীড়া, সমাজসেবা, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জনকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

মনোনীতদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী মরণোত্তর, সংস্কৃতিতে হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ মরণোত্তর, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর, মো. সাইদুল হক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী মরণোত্তর, জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান মরণোত্তর, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার।

প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্তদের নগদ ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা এবং সম্মাননাপত্র প্রদান করা হয়।



banner close
banner close