মঙ্গলবার

২১ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

দুই মাস জ্বালানি তেলের সংকটের আশঙ্কা নেই: যুগ্মসচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ১৫:২৬

শেয়ার

দুই মাস জ্বালানি তেলের সংকটের আশঙ্কা নেই: যুগ্মসচিব
ছবি সংগৃহীত

দেশে চলতি এপ্রিলসহ আগামী দুই মাস জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হবে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার তথ্যও তুলে ধরা হয়েছে।

বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং স্বল্পমেয়াদে কোনো ঘাটতির সম্ভাবনা নেই।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে এবং ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে অবৈধভাবে মজুদকৃত মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ লাখ ৬৬ হাজার লিটার ডিজেল, ৩৯ হাজার ৭৭৬ লিটার অকটেন এবং ৮৭ হাজার ৯৫৯ লিটার পেট্রোল। এছাড়া সম্প্রতি চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে।

বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে মনির হোসেন চৌধুরী জানান, দেশে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন এবং ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ টন। এছাড়া জেট ফুয়েলের মজুত রয়েছে ১৮ হাজার ২২৩ টন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জ্বালানি খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মজুদ ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close