মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিহত বাহরাইন প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ বুধবার সকালে দেশে পৌঁছেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকায় পৌঁছে। বিমানবন্দরে উপস্থিত থেকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মরদেহ গ্রহণ করেন এবং তা নিহতের ছোট ভাই নরেশ সূত্রধরের কাছে হস্তান্তর করেন।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের দাফন-সৎকারের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ওয়ারিশ সনদ প্রাপ্তির পর তার পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
তিনি বিদেশগামী কর্মীদের প্রতি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মাধ্যমে নিবন্ধন করে বিদেশ যাওয়ার আহ্বান জানান, যাতে তারা সরকারি সহায়তার আওতায় থাকতে পারেন।
মন্ত্রী প্রবাসে কর্মরত সকল বাংলাদেশির নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন এবং নিহতের আত্মার শান্তি কামনা করেন।
জানা গেছে, সিলেট জেলার সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা গিরিশ চন্দ্র সূত্রধর সম্প্রতি বাহরাইনে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন।
আরও পড়ুন:








