দেশে পুলিশ সংস্কারের অংশ হিসেবে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।
বৈঠকে পুলিশ সংস্কারের পাশাপাশি নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল এবং বাণিজ্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত পুলিশ কমিশন গঠনের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে পারে। তিনি জানান, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক ও পেশাদার বাহিনীতে রূপান্তরে ইইউ আগ্রহ দেখিয়েছে।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এ বিষয়ে ইউরোপীয় দেশগুলোর অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
দুর্নীতি দমনে কার্যকর কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে ইইউ রাষ্ট্রদূত বলেন, এ খাতে প্রয়োজনীয় কারিগরি ও কৌশলগত সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্রুত নির্ধারণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন:








