জুলাই বিপ্লবের চেতনা ধারণ করলে গণভোটের ফলাফল বিনা তর্কে মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান। তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ ভোটের মাধ্যমে জনগণ তাদের অভিপ্রায় স্পষ্টভাবে প্রকাশ করেছে।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, গণভোটকে কেবল আইনি বা সাংবিধানিক বিতর্ক হিসেবে দেখার সুযোগ নেই; এটি জুলাই বিপ্লবের ধারাবাহিকতার অংশ। তার ভাষায়, “জুলাই বিপ্লবকে অস্বীকার করলে গণভোটকেও অস্বীকার করা হবে।”
তিনি অভিযোগ করেন, যারা গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা প্রকৃতপক্ষে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই গণভোটের ফলাফল মেনে নেওয়াই জনগণের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন।
রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, বিপ্লবে অংশ নেওয়া মানুষের অন্যতম দাবি ছিল রাষ্ট্র মেরামত। সে লক্ষ্যে সাংবিধানিক কাঠামোর মধ্যেই সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম, অলি আহমদ, মিয়া গোলাম পরওয়ার ও দিলারা চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতারা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
আরও পড়ুন:








