শনিবার

১১ এপ্রিল, ২০২৬ ২৮ চৈত্র, ১৪৩২

৩৬ আসনের বিপরীতে বিএনপিতে মনোনয়নপ্রত্যাশী ৭০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ১৮:২৮

শেয়ার

৩৬ আসনের বিপরীতে বিএনপিতে মনোনয়নপ্রত্যাশী ৭০০ ছাড়াল
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ইতোমধ্যে ৭০০ ছাড়িয়েছে। শুক্রবার (১১ এপ্রিল)। সকাল থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হলে প্রথম দিনেই বিক্রি হয় ৫৪৪টি ফরম। শনিবারও বিক্রি ও জমা কার্যক্রম অব্যাহত রয়েছে।

দলীয় সূত্র জানায়, বিএনপি সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৩৬টি পেতে যাচ্ছে। এসব আসনের বিপরীতে বিপুলসংখ্যক নারী নেত্রী মনোনয়ন দৌড়ে রয়েছেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহিলা দলের নেত্রী, সাবেক ছাত্রদল-সংযুক্ত তরুণ নেত্রীদের পাশাপাশি কয়েকজন সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বও মনোনয়নপ্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেছেন।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহে নারীনেত্রীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এ প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিকূলতা কাটিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসায় স্বাভাবিকভাবেই মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন, দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য ও পরীক্ষিত নেত্রীদেরই মনোনয়ন দেবে।

তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যারা রাজপথে সক্রিয় ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং সমাজে সুনাম অর্জন করেছেন—তাদেরই মূল্যায়ন করা হবে।

বিএনপির সহ দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং বিকেল সাড়ে তিনটার দিকে জানান, এ পর্যন্ত ৭০০-র বেশি ফরম বিক্রি হয়েছে এবং প্রায় দেড় শতাধিক জমা পড়েছে। দলীয় নেতাদের ধারণা, শেষ পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা হাজার ছাড়াতে পারে।

এদিকে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আসন বণ্টনে বিএনপি জোট পাবে ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্ররা পাবে একটি আসন।



banner close
banner close