শনিবার

১১ এপ্রিল, ২০২৬ ২৭ চৈত্র, ১৪৩২

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাতকে স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ২২:০৫

শেয়ার

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাতকে স্পিকার
ছবি সংগৃহীত

জাতীয় সংসদে উত্তেজিত হয়ে পড়া সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং শুনতে হবে।

শুক্রবার (১০ এপ্রিল)। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর উদ্দেশে স্পিকার এই রুলিং দেন।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের পর বিরোধী দলের আপত্তি ও সংশোধনী নিয়ে আলোচনার সময় সংসদ উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার এই মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, সংসদে মৌখিক কথাবার্তার সুযোগ খুবই কম। আপনারা নোটিশ দেবেন, আমরা সেই নোটিশের ওপর সিদ্ধান্ত দেব (উইল অ্যাডজুডিকেট অন দ্য নোটিসেস)। এখন প্রশ্ন হলো, আইনমন্ত্রী যে কথাটি বলেছেন সেটি পুনর্বিবেচনা করা যেতে পারে।

স্পিকার বলেন, আমি এর আগের ছয়টি সংসদ দেখেছি। এবারের মতো সুন্দর ও সহযোগিতামূলক পরিবেশ আগে কোনো সংসদে ছিল না। ৯০টি বিল পাসের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দল যে চমৎকার সমঝোতা দেখিয়েছে, তা সংসদীয় ইতিহাসে বিরল। অতীতের সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে অত্যন্ত তীর্যক ও অশ্লীল বাক্য বিনিময় হতো, সেই তুলনায় বর্তমান সংসদের শুরুটা অনেক ভালো।

সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর উদ্দেশ্যে স্পিকার বলেন, মৌখিক কথাবার্তার সুযোগ এখানে কম। আপনারা নোটিশ দেবেন, আমরা তা বিবেচনা করব। আইনমন্ত্রী যে কথাটি বলেছেন তা পুনর্বিবেচনা করা যেতে পারে। আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনতে পারেন, যা নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে।

স্পিকার আরও বলেন, একটি ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। জুলাই অভ্যুত্থানের পর এই সংসদের চমৎকার সূচনা হয়েছে। বিরোধী দলে ৭৭-৭৮ জন সদস্য থাকা একটি বিরাট ব্যাপার। স্পিরিট অব কো-অপারেশন নিয়ে আমরা সামনে এগুতে চাই।

তিনি আরও যোগ করেন, গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতভিন্নতা। মতভেদ না থাকলে তো দেশে একটিই দল থাকতো। স্পিকার হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করছি, বিরোধী দল যেন তাদের প্রাপ্য অধিকার পায়, সে বিষয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব।,



banner close
banner close