বৃহস্পতিবার

৯ এপ্রিল, ২০২৬ ২৬ চৈত্র, ১৪৩২

বিনা খরচে শ্রমিক পাঠাতে উদ্যোগ, মালয়েশিয়া-বাংলাদেশ বৈঠকে সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ১৭:৪৬

শেয়ার

বিনা খরচে শ্রমিক পাঠাতে উদ্যোগ, মালয়েশিয়া-বাংলাদেশ বৈঠকে সিদ্ধান্ত
ছবি সংগৃহীত

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া পুনরায় চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার পুত্রজায়ায় অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে শ্রমবাজার দ্রুত চালু, অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনা এবং স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সমঝোতা হয়।

বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদবিষয়ক মন্ত্রী দাতশ্রী রামানন রামকৃষ্ণন এবং বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নেতৃত্ব দেন। যৌথ বিবৃতিতে বলা হয়, চাহিদার ভিত্তিতে বাংলাদেশি শ্রমিকদের জন্য দ্রুত শ্রমবাজার চালুর প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে ভবিষ্যতে শ্রমিকদের অভিবাসনের সম্পূর্ণ ব্যয় নিয়োগদাতাদের বহনের বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে শ্রমিকদের নিজস্ব কোনো খরচ না থাকে।

মালয়েশিয়ার পক্ষ জানায়, প্রযুক্তিনির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে মধ্যস্থতাকারীর ভূমিকা কমবে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পাবে। নিয়োগদাতাদের মাধ্যমে পুরো ব্যয় বহনের বিষয়টি কার্যকরভাবে বাস্তবায়ন করাও সহজ হবে বলে তারা মনে করছে।

বাংলাদেশের পক্ষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়। যৌথ বিবৃতিতে উভয় দেশ শ্রমিক শোষণ রোধে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

প্রেক্ষাপটে উল্লেখ করা হয়, অতীতে অতিরিক্ত অভিবাসন ব্যয়, মধ্যস্থতাকারীর দৌরাত্ম্য এবং অনিয়মের অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজার একাধিকবার স্থগিত হয়েছিল। নতুন এই উদ্যোগের মাধ্যমে সেই জটিলতা দূর করে সুশৃঙ্খল শ্রমবাজার গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা খাতে সহযোগিতা, শিক্ষক বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে।



banner close
banner close