সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ জাতীয় সংসদে রহিত করার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিচার বিভাগের জন্য দিনটিকে ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণের আহ্বান জানান।
সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি হয়ে আনুষ্ঠানিক উদ্বোধনও হয় এবং আংশিক কার্যক্রম শুরু হয়েছিল।
তবে জাতীয় সংসদে ওই অধ্যাদেশ রহিত করার ঘটনাকে বিচার বিভাগের ইতিহাসে ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করা হয়েছে। তার মতে, সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হওয়া একটি প্রক্রিয়াকে আইনি উপায়ে বিলুপ্ত করা বিচার বিভাগের জন্য নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হাইকোর্টের রায় আপিল নিষ্পত্তির পর কার্যকর হবে। কিন্তু এই ব্যাখ্যার সঙ্গে একমত নন শিশির মনির। তিনি বলেন, কোনো নির্দেশনার ওপর স্থগিতাদেশ না থাকলে তা কার্যকর বলেই গণ্য হবে এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ বাধ্য।
তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ সংবিধানের পরিপন্থী এবং বিচার বিভাগের ওপর ‘পুনরাবৃত্ত আঘাত’ হিসেবে বিবেচিত হতে পারে। এ বিষয়ে আইনটি চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করা হবে বলেও তিনি জানান।
বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সরকারকে পুনর্বিবেচনার আহ্বান জানান এই জ্যেষ্ঠ আইনজীবী।
আরও পড়ুন:








