বৃহস্পতিবার

৯ এপ্রিল, ২০২৬ ২৬ চৈত্র, ১৪৩২

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ১৩:১৯

শেয়ার

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড
ছবি সংগৃহীত

রাজধানীর আদাবরে দায়ের করা অস্ত্র আইনের মামলায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। এর আগে গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এদিন ধার্য করেন। রায়ের সময় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব-২। এ সময় পালানোর চেষ্টা করলে ফয়সাল করিমকে আটক করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন আদাবর থানায় র‌্যাবের হাবিলদার মশিউর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম ও জমি দখলসহ নানা অপরাধে নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং এসব কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন।

তদন্ত শেষে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত এ মামলায় জামিনে ছিলেন ফয়সাল করিম। পরে শরীফ ওসমান বিন হাদি হত্যা ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।



banner close
banner close