ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করবেন।
মামলার নথি অনুযায়ী, গত ৫ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করেন। এর আগে ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে র্যাব-২ ফয়সাল করিমকে আটক করে। এ সময় তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানানো হয়।
এ ঘটনায় পরদিন আদাবর থানায় র্যাবের হাবিলদার মশিউর রহমান অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার এজাহারে ফয়সাল করিমকে ‘চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম ও জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন এবং এসব কার্যক্রমে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন।
বর্তমানে ফয়সাল করিম পলাতক এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত তিনি এ মামলায় জামিনে ছিলেন। পরে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে গত মাসে তাকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ফয়সাল করিমকে প্রধান আসামি করা হয়েছে।
আরও পড়ুন:








