বৃহস্পতিবার

৯ এপ্রিল, ২০২৬ ২৬ চৈত্র, ১৪৩২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ০৭:৩৫

শেয়ার

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
ছবি সংগৃহীত

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ মার্চ এ দিন ধার্য করেন।

মামলাটিতে তদন্ত কর্মকর্তা সহ মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর আগে গত বছরের ৩০ জুন তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২।

মামলার ৩০ আসামির মধ্যে বর্তমানে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

২০২৫ সালের ২৪ জুন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেয়। পরবর্তী সময়ে ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হয় এবং ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একই বছরের ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা তার ভিডিওটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে এ ঘটনা ছাত্র-জনতার আন্দোলনকে আরও বেগবান করে এবং তা গণঅভ্যুত্থানে রূপ নেয়।



banner close
banner close