বৃহস্পতিবার

৯ এপ্রিল, ২০২৬ ২৬ চৈত্র, ১৪৩২

হামের প্রকোপে মৃত্যু ১৫৯: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ০৭:২৪

শেয়ার

হামের প্রকোপে মৃত্যু ১৫৯: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ
ছবি সংগৃহীত

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৯৯ জন, যাদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে, যাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৩৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে এবং ১ হাজার ২৪৮ জন সন্দেহজনক ও ১৮৯ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯ জন নিশ্চিত ও ৫৭ জন সন্দেহজনক রোগী। রাজশাহী বিভাগে ৬৩ জন, চট্টগ্রামে ১৩ জন, বরিশাল ও খুলনায় সাতজন করে, ময়মনসিংহে দুইজন এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার এবং দ্রুত রোগ শনাক্তকরণই পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রধান উপায়।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬৯৩ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ২৪১ জন রোগী।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, একই সময়ে নতুন করে ২৩ শিশু ভর্তি হয়েছে এবং ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে ১৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত এ হাসপাতালে মোট ৪৫২ জন ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকল পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, টিকাদানের আওতা বাড়ানো, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।



banner close
banner close