নয়াদিল্লিতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত সরকার।
বুধবার (৮ এপ্রিল)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী-এর সঙ্গে আলোচনা করেন। এতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল)। সন্ধ্যায় দিল্লিতে পৌঁছে খলিলুর রহমান ও হামিদুল্লাহ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গেও বৈঠক করেন।
বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেপ্তারকৃত আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান খলিলুর রহমান।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা হয়। খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে।
এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-কে প্রত্যর্পণের অনুরোধও পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে জয়শঙ্কর জানান, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা-বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা-আরও সহজ করা হবে।
এদিকে, ডিজেল ও সারের সরবরাহ বাড়ানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন হরদীপ সিং পুরী।
তিন দিনের সফরে দিল্লি যাওয়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৯ এপ্রিল মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন।
আরও পড়ুন:








