বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে ফের চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত রোববার থেকেই রিমান্ডে ছিলেন আফজাল নাছের। এর আগে জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেন হত্যা মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। সব মিলিয়ে এটি তার তৃতীয় দফা রিমান্ড।
শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও সুবিধাভোগী ছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও তথ্য উদঘাটনে তার রিমান্ড প্রয়োজন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ডের বিরোধিতা করে বলেন, আফজাল নাছেরের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। প্রয়োজনে তাকে কারাগারেই জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।
মামলার অভিযোগে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির একদফা দাবির কর্মসূচিকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলের কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
আরও পড়ুন:








