বৃহস্পতিবার

৯ এপ্রিল, ২০২৬ ২৫ চৈত্র, ১৪৩২

ভিসা সেবায় প্রতারণা রোধে ১৩ দেশের যৌথ সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬ ১৪:৩৪

শেয়ার

ভিসা সেবায় প্রতারণা রোধে ১৩ দেশের যৌথ সতর্কবার্তা
ফাইল ছবি

ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য যৌথ সতর্কবার্তা দিয়েছে ১৩টি দেশ। আজ ঢাকায় জার্মান দূতাবাস-এর ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কতা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে ভিসা ও সংশ্লিষ্ট সেবা গ্রহণ করতে হবে। কোনো শর্টকাট বা অননুমোদিত উপায়ে সেবা নেওয়ার চেষ্টা ঝুঁকিপূর্ণ।

সতর্কবার্তা দেওয়া দেশগুলো হলো-অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

জাল নথি ও প্রতারণা থেকে সতর্কতা

আবেদনকারীদের জাল নথি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। লাইসেন্সবিহীন বা অবিশ্বস্ত এজেন্টের মাধ্যমে আবেদন করলে তা বিলম্বিত হতে পারে, আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে, এমনকি সীমান্তে প্রবেশে বাধা বা আইনি জটিলতাও দেখা দিতে পারে।

মধ্যস্বত্বভোগী এড়িয়ে চলার পরামর্শ

বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো দেশের দূতাবাস বা মিশনই ভিসা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। ভিসা পাইয়ে দেওয়ার নামে বিশেষ সুবিধা বা প্রভাব খাটানোর দাবি করা ব্যক্তিদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি তথ্যের ওপর নির্ভরতার আহ্বান

স্বচ্ছ ও ন্যায়সংগত আবেদন প্রক্রিয়া নিশ্চিত করতে আবেদনকারীদের সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট ও দাপ্তরিক মাধ্যম থেকে তথ্য যাচাই করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



banner close
banner close