বুধবার

৮ এপ্রিল, ২০২৬ ২৫ চৈত্র, ১৪৩২

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬ ১৩:৫৯

শেয়ার

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ এপ্রিল
ছবি সংগৃহীত

রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ দিন ধার্য করেন। মামলার অপর আসামি হলেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৫ এপ্রিল অবৈধ সুবিধা গ্রহণের মাধ্যমে গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিংয়ের একটি ফ্ল্যাট দখল নিয়ে পরে তা রেজিস্ট্রি করেন।

পরে মামলার এক আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে রিট আবেদন করলে তার তদন্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়। পরবর্তীতে চেম্বার আদালতে গেলে দুদক ‘নো অর্ডার’ পায়।

তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির একাধিক ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।



banner close
banner close