অন্তর্বর্তী সরকারের জারি করা ১৪টি অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। একই সঙ্গে আরও দুটি অধ্যাদেশ আইনে রূপান্তরের লক্ষ্যে বিল হিসেবে উত্থাপন করা হয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মোট ১৬টি বিল উত্থাপন করেন। এর মধ্যে বিকেলের অধিবেশনে ছয়টি বিল পাস হয়। পাস হওয়া বিলগুলো হলো নির্দিষ্টকরণ সম্পূরক আইন ২০২৬, নির্দিষ্টকরণ আইন ২০২৬, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান রহিতকরণ আইন ২০২৬, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন আইন ২০২৬, শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সংশোধন আইন ২০২৬ এবং বাণিজ্যিক আদালত আইন ২০২৬। এ সময় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন ২০২৬ বিল উত্থাপন করা হয়।
এর আগে সকালে অনুষ্ঠিত অধিবেশনে আরও আটটি বিল পাস হয় এবং একটি বিল উত্থাপন করা হয়। পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, কোড অব ক্রিমিনাল প্রসিডিউর সংশোধন বিল, সিভিল কোর্টস সংশোধন বিল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস সংশোধন বিল, রেজিস্ট্রেশন সংশোধন বিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল, শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল।
এদিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন আইন বিলটি সংসদে উত্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিলটি পরবর্তীতে প্রয়োজনীয় সংশোধন শেষে পাস করা হবে।
আরও পড়ুন:








