অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠিত হওয়ার পর এ বিষয়ে কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। একই সঙ্গে তিনি নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, নিশ্চয়ই তদন্ত হবে। দুর্নীতি মানেই শুধু কে করেছে তা নয়; বর্তমান সরকারের সময়েও কোনো অনিয়ম হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে। তিনি জানান, দুর্নীতির লাগাম টানতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকারের ভেতরেও অনিয়ম হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।
অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, এগুলোকে অবশ্যই নিয়মের মধ্যে আনতে হবে। এটি শুধু বিদ্যুৎ ব্যবহারের বিষয় নয়, সড়ক নিরাপত্তার সঙ্গেও জড়িত। অনেক চালক প্রশিক্ষিত নন এবং বহু যানবাহন প্রযুক্তিগতভাবে ত্রুটিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। আগে অলিগলিতে সীমাবদ্ধ থাকলেও এখন প্রধান সড়কে চলাচল করায় ঝুঁকি বেড়েছে।
ব্যাংক খাত নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আগের সরকারের সময়ে খাতটি দুর্বল হয়ে পড়লেও বর্তমানে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “ব্যাংকিং খাত অত্যন্ত সংবেদনশীল। হঠাৎ বড় পরিবর্তন আস্থার সংকট তৈরি করতে পারে। তাই ধীরে ও পরিকল্পিতভাবে সংস্কার করা হচ্ছে।”
ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। অর্থনীতির পুনরুজ্জীবন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং রাজস্ব আয় বৃদ্ধির জন্য এসব পদক্ষেপ প্রয়োজন বলে উল্লেখ করেন ডা. জাহেদ উর রহমান।
আরও পড়ুন:








