২০২৪–২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৩৯ হাজার ৫ টাকা। সোমবার জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন–এর প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো–এর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী এ হিসাব নির্ধারণ করা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জন সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, সৃজনশীল অর্থনীতি এবং ক্রীড়া অর্থনীতিকে গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, মাথাপিছু আয় বৃদ্ধির জন্য সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে উৎপাদন, নির্মাণ, সেবা, তথ্যপ্রযুক্তি ও কৃষি-প্রক্রিয়াজাতকরণ খাতে কর্মসংস্থান বৃদ্ধি; ব্যবসা সহজীকরণ ও শিল্পায়নে সহায়ক পরিবেশ তৈরি; ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন ও বাজার সম্প্রসারণ; রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও নতুন বাজার অনুসন্ধান; প্রবাসী কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং বৈধ পথে প্রবাস আয় প্রেরণে উৎসাহ প্রদান।
এ ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ এবং কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এসব উদ্যোগের একটি অংশ চলতি ২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন এবং বাকি পদক্ষেপগুলো স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি ও প্রবাস আয় বৃদ্ধি করে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষিত রাখা।
আরও পড়ুন:








