ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল আজ সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা ডাকা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভায় সংরক্ষিত নারী আসনের তপশিল ঘোষণার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। তপশিল ঘোষণার আগে সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হতে পারে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররা অংশ নেবেন। এছাড়া ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ইসি সূত্র জানায়, সভায় মোট পাঁচটি আলোচ্যসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে সংরক্ষিত নারী আসনের নির্বাচন ও সংশ্লিষ্ট বিষয়াদি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনী সামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন মামলা ও দরখাস্ত এবং দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ সংক্রান্ত নীতিমালা বিষয়ে অবহিতকরণ। এছাড়া বিবিধ বিষয়েও আলোচনা হবে।
জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন সংশোধন আইন ২০২৩ অনুযায়ী, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে দলগুলোকে সংরক্ষিত নারী আসনের বিষয়ে সিদ্ধান্ত সম্পন্ন করতে হয় এবং পরদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা বাধ্যতামূলক। সে অনুযায়ী রোববার নির্ধারিত সময় শেষ হয়েছে এবং আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে।
আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। সেই হিসেবে আগামী ১৪ মে’র মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্বাচন কমিশন চলতি এপ্রিল মাসের মধ্যেই এ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে।
আরও পড়ুন:








