দেশজুড়ে সংক্রামক রোগ হাম-এর প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৯৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৯২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ৩৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৯৫ জন, রাজশাহীতে ১২৪ জন এবং খুলনায় ৮২ জন নতুন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।
মৃত্যুর হিসাবে খুলনা বিভাগে সর্বোচ্চ ৫ জন, রাজশাহীতে ৩ জন এবং চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অন্যদিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৭,৬১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৯২৯ জনের শরীরে ভাইরাসটি নিশ্চিত হয়েছে। এই সময়ে সন্দেহজনক হামে ১১৩ জন এবং নিশ্চিত হামে ১৭ জনসহ মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে হাসপাতালগুলোতেও চাপ বাড়ছে। গত ২১ দিনে ৫,৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,৩৮০ জন।
আরও পড়ুন:








