সুখী ও সমৃদ্ধ ‘বেটার বাংলাদেশ’ গড়ে তুলতে সব ধর্মের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করেন।
ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল এ সাক্ষাতে অংশ নেয়।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, “আমরা সব ধর্মের মানুষকে সমানভাবে দেখি এবং ভালোবাসি। ধর্ম যার যার, দেশ সবার—এই বিশ্বাসেই আমরা এগিয়ে যেতে চাই।” তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে ধারণা ছিল অন্যান্য ধর্মাবলম্বীরা বিএনপিকে ভোট দেয় না। তবে এবারের নির্বাচনে সেই ধারণা ভ্রান্ত প্রমাণিত হয়েছে এবং সব ধর্মের মানুষ দলটিকে সমর্থন দিয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় অর্থনীতি ও যোগাযোগসহ বিভিন্ন খাত ভঙ্গুর অবস্থায় ছিল, যা অনেকটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো মনে হয়েছে।
এ সময় আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব উল্লেখ করে ইসরাইল-ইরান যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের প্রতিনিধি খ্রীস্টেফার অধিকারী। তারা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ—যেমন ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফ এবং ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতার প্রশংসা করেন।
এ সময় জাতীয় সংসদের সংরক্ষিত আসনে খ্রিষ্টান নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান নেতৃবৃন্দ। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, তার জন্য দেশের বিভিন্ন চার্চে প্রার্থনা করা হয়েছে এবং বর্তমান সরকারের জন্যও নিয়মিত প্রার্থনা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী খ্রিষ্টান সম্প্রদায়ের উত্থাপিত দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন। শেষে ইস্টার সানডে উপলক্ষে তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি ক্রেস্ট প্রদান করা হয়।
আরও পড়ুন:








