নিঃশব্দে বিস্তার ঘটছে এক গভীর সংকটের। দৃশ্যমান ধ্বংস নেই, তাৎক্ষণিক আতঙ্কও নেই—তবু প্রতিদিন ধীরে ধীরে কেড়ে নিচ্ছে মানুষের জীবন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অস্বাভাবিক হারে বাড়ছে তাপমাত্রা, আর তার সঙ্গে বাড়ছে তাপজনিত অসুস্থতা ও মৃত্যুঝুঁকি।
দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া তাপপ্রবাহ ইতোমধ্যে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ ও নিম্নআয়ের জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসজুড়ে দফায় দফায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এমনকি এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহও আঘাত হানতে পারে। এপ্রিলের শুরুতেই দেশের অন্তত ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা ছাড়াও ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালীতে এর প্রভাব দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র এবং ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
ক্রমবর্ধমান এই তাপমাত্রা এখন আর শুধু পরিবেশগত উদ্বেগ নয়; এটি জনস্বাস্থ্যের এক বড় ঝুঁকি। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ক্লাইমেট অ্যাকশন ল্যাবের সাম্প্রতিক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রতি এক লাখ মানুষের মধ্যে অতিরিক্ত ২৪ জনের মৃত্যু ঘটতে পারে। তাপজনিত মৃত্যুঝুঁকির দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি।
গবেষণায় দেখা গেছে, দেশের বড় শহরগুলোই ঝুঁকির কেন্দ্রে। খুলনায় প্রতি এক লাখে সম্ভাব্য মৃত্যুহার ৩৬ জন, ঢাকায় ২২ এবং চট্টগ্রামে ১২ জন। এসব মৃত্যুর ৯০ শতাংশের বেশি ঘটবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, যেখানে স্বাস্থ্যব্যবস্থা তুলনামূলক দুর্বল।
বিশেষজ্ঞদের মতে, এই ‘নীরব বিপর্যয়’ মোকাবিলায় এখনই সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। আগাম সতর্কতা ব্যবস্থা চালু করা, নগর সবুজায়ন, খোলা জায়গা সংরক্ষণ, জলাধার বৃদ্ধি এবং তাপমাত্রা সহনশীল নগর পরিকল্পনা গ্রহণ করতে হবে।
শ্রমজীবী মানুষের সুরক্ষায় কাজের সময়সূচি পুনর্বিন্যাস গুরুত্বপূর্ণ। তীব্র তাপপ্রবাহের সময় সকাল ও সন্ধ্যায় কাজ স্থানান্তর, কর্মস্থলে বিশ্রাম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে হাসপাতালগুলোকে তাপজনিত রোগ মোকাবিলায় প্রস্তুত রাখতে হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, অবাধে গাছ কাটা ও নগরায়ণের ফলে তাপমাত্রা বাড়ছে। শহরে সবুজায়ন কমে যাচ্ছে, আর গ্রামে শ্রমজীবী মানুষ সরাসরি তাপের ঝুঁকিতে পড়ছে। তাদের জন্য ছায়া, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তাপপ্রবাহের প্রভাব শুধু স্বাস্থ্যখাতে সীমাবদ্ধ নয়। এটি অর্থনীতি, শ্রমবাজার ও সামাজিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলছে। কর্মক্ষমতা কমে যাওয়ায় উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে, বাড়ছে স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। ছাদে সবুজায়ন, প্রতিফলক উপকরণ ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ—এসব উদ্যোগ দীর্ঘমেয়াদে তাপমাত্রার প্রভাব কমাতে সহায়ক হতে পারে। পাশাপাশি কার্যকর নীতি, পর্যাপ্ত অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়।
সবচেয়ে বড় বিষয় হলো, এই সংকটের নীরবতা। ঝড় বা বন্যার মতো দৃশ্যমান ধ্বংস না থাকায় তাপপ্রবাহের এই বিপর্যয় অনেক সময় আড়ালে থেকে যায়। কিন্তু হাসপাতালের শয্যায়, ক্লান্ত শরীরের নিঃশ্বাসে এবং পরিসংখ্যানের সংখ্যায় ধরা পড়ছে এর ভয়াবহতা।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়—এটি বর্তমানের বাস্তবতা। প্রতিটি অতিরিক্ত ডিগ্রি তাপমাত্রা মানে আরও কিছু হারিয়ে যাওয়া জীবন, আরও কিছু নীরব শোকের গল্প।
আরও পড়ুন:








