শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র, ১৪৩২

দাবদাহে পুড়বে দেশ, তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ১৭:৪৫

শেয়ার

দাবদাহে পুড়বে দেশ, তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি
ছবি সংগৃহীত

চৈত্রের মাঝামাঝি থেকে দেশের তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে এবং এপ্রিলজুড়ে একাধিক তাপপ্রবাহের আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে তাপমাত্রা সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে।

চৈত্রের প্রথম দুই সপ্তাহে আবহাওয়া ছিল তুলনামূলক স্বস্তিদায়ক। দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি মাত্রার কালবৈশাখী ঝড় বয়ে গেছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও ভারী বর্ষণ, আবার কোথাও বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়েছে।

মার্চ মাসে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রাও খুব বেশি বাড়েনি। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় গড়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে ১৫ চৈত্রের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরমের তীব্রতা বাড়ছে, যা চৈত্র ও বৈশাখ মাসজুড়ে আরও বাড়তে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশে ২ থেকে ৪টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এর পাশাপাশি ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে, যার ফলে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে।

গরমের তীব্রতার কারণে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে নিম্নচাপ এবং শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির ঘটনাও ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তাপপ্রবাহের সময় জনস্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। তাই অপ্রয়োজনে বাইরে বের হওয়া এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



banner close
banner close