শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র, ১৪৩২

জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি: অফিস ৯টা-৪টা, মার্কেট বন্ধ ৬টায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ০৯:০৮

শেয়ার

জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি: অফিস ৯টা-৪টা, মার্কেট বন্ধ ৬টায়
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছসাধনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব ধরনের অফিস সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে। পাশাপাশি সন্ধ্যা ৬টার পর সব বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি জানান, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিস সময় এক ঘণ্টা কমানো হয়েছে। ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে সর্বোচ্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানির সরবরাহ ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সংযম আনতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পৃথক নির্দেশনা দেবে, যা আগামী রোববার থেকে কার্যকর হতে পারে। শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে এবং যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা পাবে। বাণিজ্যিক খাতেও নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে; তবে পুরোনো বাস আমদানি নিষিদ্ধ থাকবে।

এছাড়া জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে বাজেটের ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাস সরকারি পর্যায়ে নতুন যানবাহন (সড়ক, নৌ ও আকাশপথ) এবং কম্পিউটার সামগ্রী কেনা বন্ধ থাকবে। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ স্থগিত করা হয়েছে। সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয়ও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।

এর আগে, বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি সকালেই ঘোষণা দেয়, দেশের দোকানপাট ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে। তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার ও জরুরি সেবার প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার বাইরে থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, জ্বালানি সংকট চলাকালে বেসরকারি বিয়ে বা উৎসব-অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে।



banner close
banner close