বাংলাদেশের অনুরোধে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বহনকারী ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এর মধ্যে পাঁচটি জাহাজের এলএনজি চালান ইতোমধ্যে বৈশ্বিক সরবরাহকারীরা বাতিল করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তেহরানে পাঠানো জাহাজের তালিকাটি পুরোনো পরিকল্পনা ও নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এতে কাতারএনার্জি ও ওমানভিত্তিক ওকিউ ট্রেডিংয়ের ঘোষিত ‘ফোর্স মেজর’ পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়নি। ইরানকে ঘিরে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি শুরুর পর মার্চের শুরুতেই এই দুই প্রতিষ্ঠান সব ধরনের সরবরাহ স্থগিত করে।
জ্বালানি বিভাগের পাঠানো তালিকায় এপ্রিল মাসে সরবরাহের জন্য পাঁচটি এলএনজি কার্গোর উল্লেখ ছিল। এর মধ্যে চারটি কাতারএনার্জির এবং একটি এক্সিলারেট এনার্জির। কিন্তু পেট্রোবাংলার চেয়ারম্যান আরফানুল হক জানিয়েছেন, এসব চালান এখন আর কার্যকর নেই, কারণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তাদের স্থগিতাদেশ অন্তত ৮ মে পর্যন্ত বাড়িয়েছে।
তিনি বলেন, যুদ্ধ শুরুর পর বাতিল হয়ে যাওয়া চালানের জাহাজের তালিকা কেন ইরানে পাঠানো হয়েছে, তা তাদের জানা নেই। তার ভাষায়, ‘ফোর্স মেজরের কারণে এপ্রিল মাসে কাতারএনার্জির কোনো এলএনজি কার্গো নেই। তালিকাভুক্ত জাহাজগুলো কার্যত অস্তিত্বহীন।’
নাম প্রকাশ না করার শর্তে জ্বালানি বিভাগের এক কর্মকর্তা স্বীকার করেন, ‘ফোর্স মেজর’ পরিস্থিতির মেয়াদ সম্পর্কে অনিশ্চয়তার কারণে তারা যুদ্ধ-পূর্ব আমদানি পরিকল্পনার তথ্যই পাঠিয়েছিলেন। তবে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।
জ্বালানি বিভাগের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী বলেন, কিছু জাহাজ ‘ফোর্স মেজর’-এর আওতায় থাকলেও অপরিশোধিত তেলবাহী জাহাজটি এর বাইরে রয়েছে। এলএনজি সরবরাহকারীদের সঙ্গে আলোচনা করে জাহাজগুলো আনা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে পেট্রোবাংলাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:








