বৃহস্পতিবার

২ এপ্রিল, ২০২৬ ১৯ চৈত্র, ১৪৩২

এপ্রিলে জ্বালানি সংকট নেই, মজুত ২.৫৫ লাখ মেট্রিক টন: জ্বালানি বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ১৬:২৯

আপডেট: ২ এপ্রিল, ২০২৬ ১৬:৩৫

শেয়ার

এপ্রিলে জ্বালানি সংকট নেই, মজুত ২.৫৫ লাখ মেট্রিক টন: জ্বালানি বিভাগ
ছবি সংগৃহীত

দেশে চলতি এপ্রিল মাসে জ্বালানির কোনো সংকট হবে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৫ হাজার ১৮ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে, যা দেশের চাহিদা পূরণে যথেষ্ট। ফলে এপ্রিলজুড়ে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করছে সরকার।

মজুত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি—১ লাখ ২২ হাজার ৬৬০ মেট্রিক টন, যা মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশ। পর্যাপ্ত ডিজেল থাকায় কৃষি, পরিবহন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

এছাড়া, অকটেনের মজুত রয়েছে ৯ হাজার ২১ মেট্রিক টন এবং পেট্রোলের মজুত ১২ হাজার ১৯৪ মেট্রিক টন, যা ব্যক্তিগত যানবাহন ও উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের চাহিদা মেটাতে সক্ষম।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেট ফুয়েলের মজুত ৪১ হাজার ৮৭৬ মেট্রিক টন, ফার্নেস অয়েল ৫৮ হাজার ৭৩৬ মেট্রিক টন, কেরোসিন ৯ হাজার ৩৭৮ মেট্রিক টন এবং মেরিন ফুয়েল ১ হাজার ১৫৩ মেট্রিক টন রয়েছে।

মনির হোসেন চৌধুরী বলেন, বর্তমান মজুত দেশের সার্বিক জ্বালানি চাহিদা পূরণে পর্যাপ্ত। তিনি আরও জানান, ইরান থেকে হরমুজ প্রণালি হয়ে ছয়টি জাহাজ রওনা দিয়েছে, যার মধ্যে একটি অপরিশোধিত তেলবাহী জাহাজ রয়েছে। সেটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির জ্বালানি সরবরাহে কোনো সংকট থাকবে না।



banner close
banner close