বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

শুক্রবার শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ২২:০৫

শেয়ার

শুক্রবার শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
ছবি সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল চালু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার (৩ এপ্রিল)। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চুক্তি এখন শেষ পর্যায়ে রয়েছে।

বুধবার (১ এপ্রিল) বেবিচকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সার্ভিস চার্জ, অপারেশনাল নিয়ন্ত্রণ ও রাজস্ব ভাগাভাগি নিয়ে সংশোধিত আর্থিক প্রস্তাব জমা দেওয়ায় পূর্বের জটিলতা অনেকটাই দূর হয়েছে। সাম্প্রতিক কারিগরি বৈঠকগুলোতে উভয় পক্ষ মূল্য নির্ধারণ ও পরিচালন কাঠামো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, ৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠকে চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকের পরপরই আগামী সপ্তাহে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আশা করা হচ্ছে।

উল্লেখ্য, টার্মিনালের নির্মাণকাজ ৯৯ শতাংশের বেশি শেষ হলেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি না হওয়ায় এটি দীর্ঘদিন চালু করা যায়নি। এতে যাত্রী চাপ, ফ্লাইট স্লট সংকট ও সেবার মান নিয়ে অসন্তোষ বাড়ছিল।

প্রকল্পটি জাপানের সহায়তায় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। প্রায় ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই টার্মিনাল চালু হলে বছরে অতিরিক্ত ১.২ থেকে ১.৬ কোটি যাত্রী এবং প্রায় ৯ লাখ টন কার্গো পরিবহন করা সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, তৃতীয় টার্মিনাল চালু হলে শুধু ঢাকার বিমানবন্দরের চাপ কমবে না, বরং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ আঞ্চলিক এভিয়েশন ও লজিস্টিকস হাবে পরিণত হওয়ার সুযোগ পাবে।



banner close
banner close