দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের মুখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার তিনি তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট পাঠান বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এর আগে তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে লিখিত অভিযোগ জমা পড়ে। শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক অভিযোগকারী হিসেবে আবেদন করে বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের তদন্ত দাবি জানান। অভিযোগ প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয়।
অভিযোগপত্রে বলা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় বিচারপতি রেজাউল হাসান পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এক মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী অনুপস্থিত থাকা সত্ত্বেও রায়ে তার নামে কাল্পনিক যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগ বাতিল করে। অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার মালিকানাধীন ১৩ লাখ শেয়ার বাতিল করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
আইনজীবী মহলের মতে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের প্রেক্ষাপটে বিচারপতির এই পদত্যাগ বিচার বিভাগে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। উচ্চ আদালতের স্বচ্ছতা ও মর্যাদা রক্ষায় এমন ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন:








