সারাদেশে অবৈধ মজুতবিরোধী অভিযানে ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২৬ দিনে মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ সময় ১ হাজার ৫৩টি মামলা দায়ের এবং ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উল্লিখিত সময়ে সারাদেশে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেল ছিল ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার, অকটেন ২২ হাজার ৫৩৯ লিটার এবং পেট্রোল ৪৬ হাজার ১৪৬ লিটার। অভিযানের সময় অবৈধ মজুতকারীদের কাছ থেকে ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং খাতে শৃঙ্খলা বজায় রাখতে সরকার এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান মনির হোসেন চৌধুরী। অবৈধ মজুত ও পাচার সংক্রান্ত তথ্যদাতাদের সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণার বিষয়টিও উল্লেখ করা হয়।
মন্ত্রণালয় জানায়, নজরদারি জোরদারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ এবং তদারকি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদারে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:








