সোমবার

৩০ মার্চ, ২০২৬ ১৬ চৈত্র, ১৪৩২

আনিসুল হকসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আদালতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ১৭:০৪

শেয়ার

আনিসুল হকসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আদালতের
ছবি সংগৃহীত

ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিম এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঞা ওরফে জীবনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ইন্সপেক্টর আশরাফুল ইসলাম দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, চাঁদাবাজির মাধ্যমে অর্জিত ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা পাচারের ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনজনের বিদেশ গমন রোধ করা প্রয়োজন।

এর আগে গত বছর ১১ নভেম্বর একই আদালত তৌফিকা করিমের আয়কর নথি জব্দের আদেশ দেন। এ ছাড়া, আইন মন্ত্রণালয় ও বিভিন্ন বিচারিক আদালতে নিযুক্তি, বদলি ও জামিনসহ বিভিন্ন অবৈধ সুবিধা আদায় ও দুর্নীতির মাধ্যমে নিজ ও অন্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছর ৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তৌফিকা করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিভিন্ন হত্যা, হত্যাচেষ্টা ও দুদকের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।



banner close
banner close